নভেল করোনাভাইরাস ২০১৯
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ মার্চ ২০২০ । আপডেট ১৪ঃ৩৫
১০০ বেশি দেশে নভেল করোনাভাইরাস ছড়িয়েছে।
১ লাখ ৮ হাজারের বেশি আক্রান্ত সারা বিশ্বে।
৩ হাজার আটশ জনের বেশি মৃতের সংখ্যা।
৩ জন বাংলাদেশে আক্রান্ত ।
নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বশেষ তথ্য:
বাংলাদেশে নতুন রোগী নেই
বাংলাদেশে প্রথমবারের মত তিনজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর নতুন করে আর কারও মধ্যে এ ভাইরাস ধরা পড়েনি বলে জানিয়েছে আইইডিসিআর। করোনাভাইরাস উপদ্রুত দেশ থেকে ফেরা নাগরিকদের অবশ্যই স্বেচ্ছায় ১৪ দিন বাড়িতে থেকে নিজেকে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। বাড়িওয়ালা বা প্রতিবেশীরা যাতে আতঙ্কিত হয়ে তাদের প্রতি বিরূপ আচরণ না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বাংলাদেশে হটলাইন চালু
করোনাভাইরাস আক্রান্তের সন্দেহ হলে বা প্রশ্ন থাকলে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। নম্বরগুলো হলো: ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
ভারতে আক্রান্ত বেড়ে ৪১
জম্মু ও কাশ্মীরে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যিনি সম্প্রতি ইরান ঘুরে এসেছেন।সব মিলিয়ে ভারতে ৪১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অনুরণাচল প্রদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সৌদিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়র শঙ্কায় সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ প্রদেশ কাতিফে কয়েকজনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার পর সেখানে অস্থায়ী অবরোধ জারি করা হয়েছে। প্রতিবেশী আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান ও মিশরসহ নয়টি দেশের সঙ্গে ভ্রমণও স্থগিত করেছে রিয়াদ। দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশ নিষেধ
বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কাতার। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নিষেধাজ্ঞা তালিকার থাকা অন্য দেশগুলো হল- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ড।

