কখনো হাল ছেড়ে দিও না : মাশরাফি

কখনো হাল ছেড়ে দিও না : মাশরাফি

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ২৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা একটি অনুপ্রেরণার নাম। দেশের জন্য কীভাবে নিজের জীবন বাজি রেখে খেলতে হয়-সেটা বুঝিয়ে দিয়েছেন একবার নয় বারবার। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বিশ্ব দরবারে।

তারই নেতৃত্বে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের শেষ আটে খেলেছিল বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপের কোনো আসরে এটাই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। ২০১৫ সালের ৯ মার্চ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে যাওয়ার যোগ্যতা অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে সোমবার দিবাগত রাতে মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ইংরেজিতে দেওয়া ওই পোস্টটির ভাষ্য হলো, ‘নড়াইল থেকে অ্যাডিলেড, একটা জিনিসই আমাকে সব সময় তাড়া দিত, স্বপ্নকে তাড়া করো, কখনো হাল ছেড়ে দিও না।’

৯ মার্চের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘২০১৫ সালের ৯ মার্চকে স্মরণ রেখো, স্বপ্ন সত্যি হবে যদি তুমি পরিশ্রম করো, যদি কখনো হাল না ছেড়ে দাও।’

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল। ব্যাটিংয়ে মাহমুদউল্লার সেঞ্চুরি, মুশফিকের হাফসেঞ্চুরি আর রুবেলের দুর্দান্ত বোলিংয়ে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

দিনে দিনে মাশরাফি মোর্ত্তজা জয় করে নিয়েছেন ষোলো কোটি বাঙালির হৃদয়। গত ছয় মার্চ নেতৃত্ব থেকে থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

অধিনায়ক মাশরাফির বিদায়ে ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে সব জায়গায় ছিল হাহাকার। ওয়ানডেতে বাংলাদেশকে ৮৮ ম্যাচ নেতৃত্ব দিয়েছেন মাশরাফি, তার মধ্যে জিতেছেন ৫০টিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading