শেখ রাসেলকে নিয়ে চলচ্চিত্র
উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল। ১৯৭৫ সারে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে নিহত হয় ছোট্ট রাসেলও। এবার তাকে নিয়ে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘শেখ রাসেলের আর্তনাদ’। যেটি নির্মাণ করবেন নির্মাতা সালমান হায়দার।
জানা গেছে, চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত সেই অরুক মুন্সি। এতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হবেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। আর বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা চরিত্রে অভিনয় করবেন অপর্ণা ও আশনা হাবিব ভাবনা। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামালের ভূমিকায় ইউসুফ এবং মেজ পুত্র শেখ জামালের ভূমিকায় সাব্বিরকে দেখা যাবে। আর শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। মূলত, শেখ রাসেলের দৃষ্টি থেকেই গল্পটি বলার চেষ্টা করবো। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আপাতত প্রস্তুতি চলছে, শিগগিরই শুরু হবে এর শুটিং। সব কিছু ঠিক থাকলে, মুজিববর্ষেই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।’

