করোনাভাইরাস : ‘সূর্যবংশী’র মুক্তি স্থগিত
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৮:০০
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব সিনেমা অঙ্গনেও। প্রাণঘাতি এই ভাইরাসের ভয়াবহতার কথা বিবেচনা করে এবার স্থগিত করা হয়েছে বলিউড সিনেমা ‘সূর্যবংশী’র মুক্তি। আগামী ২৪ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও গতকাল এটি স্থগিত করেন নির্মাতা রোহিত শেঠি। তিনি জানান,দর্শকদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে করোনাভাইরাসের কারণে ‘সূর্যবংশী’র মুক্তি পেছানো হয়েছে। সবকিছু যখন আবার ঠিক হবে, তখনই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
ইনস্টাগ্রামে অক্ষয় লিখেছেন, “সূর্যবংশী এমন একটি অভিজ্ঞতা যা একবছরের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের জন্য সাজানো হয়েছে। এর ট্রেলার নিয়ে যে সাড়া পেয়েছি তা অভাবনীয়। এই ছবি পুরোপুরি দর্শকদের। আপনাদের এটি উপস্থাপন করবো ভেবে সবার মতোই আমরা উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু কোভিড-১৯ (করোনা ভাইরাস) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় প্রিয় দর্শকদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে ‘সূর্যবংশী’র মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
‘সূর্যবংশী’ হলো রোহিত শেঠির পুলিশ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এতে সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ২০১৮ সালে সিম্বায় অতিথি চরিত্রে ছিলেন তিনি। ‘সূর্যবংশী’তে ‘সিম্বা’ তারকা রণবীর সিং ও ‘সিংঘাম’ সিরিজের অভিনেতা অজয় দেবগণ অতিথি হিসেবে পর্দায় হাজির হবেন। আর অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। তথ্যসূত্র: এনডিটিভি

