‘মিশন এক্সট্রিম’র টিজার, প্রশংসিত শুভ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৮:০০
আসছে ঈদকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত আলোচিত ছবি ‘মিশন এক্সট্রিম’। এবার সামনে এলো ছবিটির টিজার। যা দর্শকদের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল (১২ মার্চ) সংস্থা কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হওয়ার পর থেকেই চলছেতেুমুল আলোচনা। টান টান উত্তেজনায় ভরপুর এই টিজার দেখে দর্শকরা এরইমধ্যে নড়েচড়ে বসেছে। সেইসাথে সিনেমায় আরিফিন শুভর নতুন লুক প্রশংসিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মন্তব্য দেখে তাই বোঝা যাচ্ছে।
এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকে টিজার প্রকাশের জন্য প্রচুর অনুরোধ এসেছে। অবশেষে দর্শকদের আমরা তা উপহার দিতে পারলাম। আমাদের সিনেমার সম্পাদনার কাজ প্রায় শেষ পর্যায়। এখন থেকে নিয়মিত বিভিন্ন কনটেন্টের মাধ্যমে প্রচারণা চলবে।
তিনি আরও বলেন, টিজারে ‘মিশন এক্সট্রিম’র এক ঝলক দেখানো হয়েছে। এই প্রথম বাংলাদেশের সিনেমার টিজারে আমরা ফোর-কে প্রযুক্তির রেজ্যুলেশন ব্যবহার করেছি। এছাড়া সিনেমাটির প্রতিটি বিষয়ে আমরা নিখুঁত ও নতুনত্ব রাখার চেষ্টা করেছি। টিজার প্রকাশের পর দর্শকদের প্রচুর ইতিবাচক মন্তব্য পাচ্ছি, যা আমাদের আরও উৎসাহ দিচ্ছে। আশা করছি পুরো সিনেমা দেখে দর্শক আনন্দ পাবেন।
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান।
‘মিশন এক্সট্রিম’ প্রথম পর্বের নাম হলেও এর সিক্যুয়েলের নাম এখনো জানানো হয়নি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে দুইটি সিনেমাই পরিচালনা করছেন।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার নিজেই।
কপ ক্রিয়েশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

