চাঁদপুরে ২২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২৬
চাঁদপুর নৌ-সীমানার অভিযানে ২২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। যার মূল্য আট কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে চাঁদপুরের চর অ্যালম্যান্ট এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। জব্দ জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতিতে আগুনে পোড়ানো হয়।
এদিকে গোপন সংবাদে গতকাল শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম কর্ণফুলী নদীর ১৫নং ঘাটে অভিযান পরিচালনা করে কাঠের নৌকা তল্লাশি করে দুই লাখ ইয়াবা জব্দ করে কোস্টগার্ড। জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পতেঙ্গা থানায় পাঠানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

