সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১৬:৩০
প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সারাদেশে ছুটি ঘোষণার পর গণপরিবহণ ও লঞ্চের পাশাপাশি ট্রেনেও যাত্রী পরিবহণ বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা থেকে দেশজুড়ে রেলপথে যাত্রী পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন।
দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রেন চলাচল বন্ধ করতে প্রক্রিয়া চলমান আছে। আজকে থেকেই সব ট্রেন চলাচল ব্যবস্থা (বন্ধ) কার্যকর করতে যাচ্ছি। তবে সকল কনটেইনার ও জরুরি মালবাহী ট্রেন চলাচল করবে। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে রেলমন্ত্রী সুজন জানান।
এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাভিত্তিক ট্রেনগুলো সন্ধ্যার পরে হলেও ঢাকা থেকে যাত্রী নিয়েই ফিরবে বলে জানান রেলমন্ত্রী। এর কারণ ব্যাখ্যা করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের বলেন, এত ট্রেন আমরা ঢাকায় রাখতে পারব না। এছাড়া যেসব ক্রু, অ্যাটেনডেন্ট রাজশাহী বা খুলনার, তাদের ঢাকায় রাখলে তো সমস্যায় পড়ে যাবে।

