নওগাঁয় জ্বর-কাশিতে যুবকের মৃত্যু

নওগাঁয় জ্বর-কাশিতে যুবকের মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৪:২৫

নওগাঁর রানীনগরে জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক যুবক। তার পরিবার বলছে, করোনাভাইরাস সন্দেহে চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি।

জানা গেছে, ওই যুবক ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। শনিবার সকালে প্রচণ্ড জ্বর আর কাশি নিয়ে অসুস্থ অবস্থায় ঢাকা থেকে নওগাঁয় যান তিনি। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্থানীয় ইউপি মেম্বর ও গ্রামের কিছু লোক তাকে গ্রামে প্রবেশ করতে দেননি। পরে তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠালে ভেটি কমিউনিটি ক্লিনিকে নেয়া হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে প্রেরণ করা হয় রামেকে। পরে রামেরকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, তার শরীরে ১শ ডিগ্রি সেলসিয়াসের ওপরে জ্বর ছিলো। তাকে হাসপাতালে অবচেতন অবস্থায় নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি। তিনি মেনিনজাইটিস রোগে মারা গেছেন। তিনি যে করোনাভাইরাসে মারা যাননি মৃত্যু সনদে চিকিৎসক তা নিশ্চিত করে দিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading