দেশে করোনায় আক্রান্ত বেড়ে ৫১, সুস্থ ২৫

দেশে করোনায় আক্রান্ত বেড়ে ৫১, সুস্থ ২৫

উত্তরদক্ষিণ অনলাইন। ৩১ মার্চ ২০২০ । ১৮:৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ডা. ফ্লোরা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫১ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫১ জনের মধ্যে ইতোপূর্বে ৫ জন আমাদের ছেড়ে চলে গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ না থাকায় তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। মোট সুস্থ হয়েছেন ২৫ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।’

তিনি জানান, নতুন আক্রান্ত ২ জনই পুরুষ। তাদের মধ্যে ১ জন সৌদি আরব থেকে এসেছেন। তার ডায়াবেটিস রয়েছে। অপরজনের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহে অনুসন্ধান চলছে। উনার শরীরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। তবে তারা দু’জনই শারীরিকভাবে সুস্থ আছেন।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় যে ৬ জন সুস্থ হয়েছেন তাদের মধ্যে ১ জনের বয়স ৭০ বছর। ৪ জনের বয়স ৩০ থেকে ৪০ বছর এবং ১ জনের বয়স ৪০ থেকে ৫০ বছর। তাদের ৪ জন পুরুষ ও ২ জন নারী। এদের মধ্যে ১ জন নার্স রয়েছেন।

আইইডিসিআর পরিচালক ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ১৩ জন । বর্তমানে আইসোলেশনে আছেন ৭৫ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৮ জন। বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে ডা. ফ্লোরা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯৩ হাজার ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৪১১ জন। সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩৩ হাজার ১০৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ২১৫ জন।’ তিনি বলেন, ‘বিশ্বের সব দেশেই এখন কোভিডের সংক্রমণ দেখা যাচ্ছে। আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, সেগুলো প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে সবকিছুর সফলতা নির্ভর করবে জনগণ নির্দেশনা কতটুকু মেনে চলেছে তার ওপর। যেসব পরামর্শ দেয়া হয়েছে আমি অনুরোধ করব আমরা সকলেই যেন সেগুলো মেনে চলি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading