সন্ধ্যার মধ্যে সব দোকান বন্ধের নির্দেশ পুলিশের

সন্ধ্যার মধ্যে সব দোকান বন্ধের নির্দেশ পুলিশের

উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৬:৩০

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে নভেল করোনাভাইরাস এখনও মহামারি আকারে ছড়িয়ে পড়েনি। তবে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে এক মাসের মধ্যে মৃত্যু সংখ্যা ১২ জনে পৌঁছেছে। আর সোমবার পর্যন্ত করোনায় দেশে আক্রান্ত হয়েছেন ১২৩ জন। শুধু ঢাকায় নয়। সংক্রমণ ছড়িয়েছে অন্তত ১৫টি জেলায়। ফলে হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হচ্ছে সরকার। এখন থেকে রাজধানীতে কোনো দোকান বা বাজার সন্ধ্যা ৬টার পর আর খোলা রাখা যাবে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, নভেল করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর সব দোকান, সুপারশপ, কাঁচাবাজার বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। সন্ধ্যার পর শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে।

ঢাকার পুলিশ কমিশনার বলেন, সন্ধ্যার পর ওষুধের দোকান ছাড়া অন্য কেউ কোনো দোকান খোলা রাখলে তাকে আমরা জনস্বার্থে বন্ধ করতে বাধ্য করব। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

ঢাকার পুলিশপ্রধান শফিকুল ইসলাম বলেন, ওষুধের দোকানসহ জরুরি সেবা খাতগুলো চালু থাকবে। বর্তমান করেনাভাইরাস পরিস্থিতির কারণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়।

দোকান, সুপারশপ, কাঁচাবাজার সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার বিষয়ে ইতোমধ্যে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

এর আগে চট্টগ্রাম বন্দর নগরীতেও সন্ধ্যার পর ওষুদের দোকান ছাড়া সব ধরনের দোকান রাখার নির্দেশ দেয়া হয় পুলিশের পক্ষ থেকে। রবিবার সিলেট মহানগরীতেও বিকাল ৫টার পর সব দোকান বন্ধ রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয় বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading