ভাঙ্গুড়ায় চলাচল নিয়ন্ত্রণে বাঁশের ব্যারিকেড

ভাঙ্গুড়ায় চলাচল নিয়ন্ত্রণে বাঁশের ব্যারিকেড

উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৭:০৪

চলমান করোনার সংক্রমণ ঠেকাতে পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পয়েন্টে বাঁশের ব্যারিকেড দেয়া হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন ও মানুষের অবাধ চলাচল বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, চাটমোহর উপজেলা থেকে ভাঙ্গুড়ায় প্রবেশপথের কালিবাড়ি ও সারুটিয়া সড়কে, পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলা থেকে প্রবেশপথ কাশিপুর ও জগতলা মোড়, অষ্টমনিষা সড়ক, নওগাঁ সড়ক ও বেতুয়ান সড়কসহ পৌরশহরের চারপাশে অন্তত বারোটি পয়েন্টে বাঁশ দিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

দেখভালের জন্য এসব পয়েন্টে পৌরসভার কর্মচারীসহ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। শহরের বাহির থেকে আসা সাধারণ যানবাহন ও যাত্রীদেরকে এসব স্থান থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। তবে খুবই জরুরী  প্রয়োজনে সুনির্দিষ্ট কারণ দেখালে তাকে নির্দিষ্ট সময়ের জন্য পৌর শহরের ভিতরে প্রবেশ ও বাহির হওয়ার সুযোগ দেয়া হচ্ছে।

ভাঙ্গুড়া সহ পাবনা জেলায় এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে অনেকেই সর্দি জ্বর ও গলা ব্যথার কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছে। এছাড়া অনেকে বিদেশ ফেরত এখনো কোয়ারেন্টিনে আছে। তাই সকলকে নিরাপদে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ভাঙ্গুড়া পৌর শহরের বাসিন্দা ও ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ বলেন, শহরের বাসিন্দাদের নিরাপদে রাখতে পৌর কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিচ্ছে। এতে এখন পর্যন্ত পৌর শহরের বাসিন্দারা অনেকটা নিরাপদ আছে। সাধারণ মানুষ সচেতন হয়ে পৌর কর্তৃপক্ষের উদ্যোগকে সহযোগিতা করলে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, পৌরবাসীকে নিরাপদে রাখতে সরকারের পরামর্শ মতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আরো কঠোর হবো। তবুও ভাঙ্গুড়াবাসীকে সুস্থ রাখার চেষ্টা করবো।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, মানুষ ও যান চলাচল নিয়ন্ত্রণের এই ব্যবস্থা করে ইতিমধ্যে সুফলও পাওয়া যাচ্ছে। মানুষ নিজে থেকে সচেতন হলে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading