অভিনেত্রী শেফালির পরিবার করোনায় আক্রান্ত!
উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১৯:২০
বিড়ম্বনার একশেষ। আর ফেসবুকের ওই বার্তা থেকেই ছড়িয়েছিল যত বিভ্রান্তি। সব জল্পনার অবসান ঘটিয়ে বলিউড অভিনেত্রী শেফালি শাহ ইনস্টাগ্রামে জানালেন তার পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। সকলেই লকডাউনে সম্পূর্ণ সুস্থ আছেন। খবর আনন্দবাজার।
শেফালি জানান, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আর কার কী যে উদ্দেশ্য জানি না। এই সময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বলা হলো, আমার পরিবারের সকল করোনা আক্রান্ত! এটা সম্পূর্ণ ভুল। আমরা সবাই ভালো আছি। এই মিথ্যা প্রচার বন্ধ হোক।’
শেফালি অবশ্য জানালেন তার ভক্তরা তাকে এই সময় খুব সাহায্য করেছেন। অনেকেই বলেছেন, সোশ্যাল মিডিয়ায় শেফালির ভাষা তারা চেনেন। এটা তার লেখা নয়। কেউ জানিয়েছেন, শেফালি যদি কোনও টেকনিক্যাল সাপোর্ট চান তাহলে তারা করতে প্রস্তুত। নেটাগরিকরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা দেখে শেফালি সোশ্যাল মিডিয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডজুড়ে। এ বিষয়টি নিয়ে এদিনই ইনস্টাগ্রামে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
পাশাপাশি শেফালি আরও জানান, বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তার কাছে একের পর এক ফোন ও মেসেজ আসতে শুরু করে। প্রত্যেকে জিজ্ঞাসা করতে শুরু করেন, তিনি কেমন আছেন! তার পরিবার কি সুস্থ আছে বলেও জিজ্ঞাসা করা হয়। প্রত্যেকে চিন্তায় পড়েই তড়িঘড়ি তাকে ফোন করতে শুরু করেন। কিন্তু তারা ভালো আছেন বলে স্পষ্ট জানিয়ে দেন দিল ধড়ক নে দো অভিনেত্রী।
এর আগের দিন মঙ্গলবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হন অভিনেত্রী জোয়া মোরানি। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জোয়ার বোন সাজা মোরানিও কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর পর শেফালি আক্রান্ত হওয়ার খবর বলিউড পাড়ায় সঙ্গতকারণেই উদ্বেগ ছাড়ায়।

