পদ্মাসেতু নির্মাণ অব্যাহত, ৪ কিমি’র বেশি দৃশ্যমান
উত্তরদক্ষিণ ১১ এপ্রিল ২০২০ । ১২:২০
করোনাভাইরাসের এই মহামারির মধ্যেও স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। সেতুতে শনিবার (১১ এপ্রিল) ২৮তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুটি ৪ কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে।
পদ্মাসেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ (১১ এপ্রিল) সকাল ৯টায় ৪বি নম্বর স্প্যানটি মাওয়ার সিমান্তবর্তী ও সেতুর মাঝামাঝি সেতুর ২০ ও ২১ নম্বর খুঁটিতে বসানো হয়েছে। ফলে, সেতু এখন দৃশ্যমান হয়েছে ৪২০০ মিটার।
এর আগে শুক্রবার সকালের ৪বি নম্বর স্পানটি মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে রওনা হয় ভ্রাম্যমাণ ক্রেনবাহী জাহাজ তিয়ান ই। প্রায় ৩২শ’ টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ ওই স্প্যান তুলে নিয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নোঙ্গর করে। পরে এটি পজিশনিংসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়।

