ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার প্রস্তাব রিজভী’র
উত্তরদক্ষিণ ১২ এপ্রিল ২০২০ । আপডেট ১৫:১০
নভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে জনপ্রতিনিধিরা সরকারি ত্রাণসামগ্রী আত্মসাৎ করছে অভিযোগ করে ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খখলা বাহিনীর হাতে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। রবিবার (১২ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান।
রিজভী বলেন, করোনাভাইরাসের মতো এতো বড় মহামারির মধ্যেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজরা ত্রাণ ও স্বল্পমূল্যের চাল আত্মসাৎ করছে। ত্রাণ নিয়ে দুর্নীতি না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ থাকলেও এই করোনা পরিস্থিতিতেও থেমে নেই ত্রাণের চাল চুরি। চাল চুরির ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাই বেশি জড়িত।
গত নয় দিনে অন্তত দুই হাজার ২৬৪ বস্তা ত্রাণের চাল চুরির খবর দিয়ে তিনি বলেন, তাই আমরা আবারো দাবি করছি, অবিলম্বে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দ্রুততার সাথে ত্রাণের চাল বিতরণ করুন। তাতে হয়তো হৃতদরিদ্র, বেকার শ্রমিকারা উপকৃত হবে এবং জনগণের মধ্যে স্বস্তি আসবে।
পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে বিভিন্ন জেলায় ত্রাণসামগ্রী চুরির একটি তালিকাও তুলে ধরেন রিজভী। বিডিনিউজ।

