টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ ১৩ এপ্রিল ২০২০ । ১৫:১০

করোনা মহামারির মধ্যেও চলছে তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ। যদিও সরকার এ খাতে প্রণোদনায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু তারপরও সময় মতো বেতন-ভাতা পরিশোধ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

রবিবারের গাজীপুর সদর উপজেলার পর সোমবার (১৩ এপ্রিল) জেলার টঙ্গী এলাকায় এই বিক্ষোভ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে পরিশোধের আশ্বাসে তারা ফিরে যান।

কারখানার নিটিং অপারেটর সালমা বলেন, দীর্ঘদিন ধরেই এ কারখানা থেকে আন্দোলন করে বেতন-ভাতা নিতে হয়। বিসিক এলাকার সব কারখানা মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের গত ৫ এপ্রিল বেতন দেওয়ার কথা বলে ৪ এপ্রিল কারখানা বন্ধ দেয়। কিন্তু ৫ এপ্রিল বেতন না দিয়ে নোটিশ টানিয়ে দেয় যেখানে বলা হয়, ১৩ এপ্রিল বেতন দেওয়া হবে। কিন্তু ১৩ এপ্রিল শ্রমিকরা বেতনের জন্য গেলে জানানো হয় ১৬ তারিখে বেতন দেবে। বার বার বেতন দেওয়ার তারিখ পরিবর্তন করার প্রতিবাদে শ্রমিকরা সোমবার সকাল ৮টার পর থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে শ্রমিকরা বেতনের জন্য এসেছিল। পরে শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সমঝোতার পর ১৬ এপ্রিল বেতন দেওয়ার কথা ঘোষণা দিলে শ্রমিকরা ‘আন্দোলন’ ছেড়ে চলে যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading