বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন স্থগিতে ট্রাম্পের নির্দেশনা
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১২:৫০
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধ করার হুঁশিয়ারি আগেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ তারা চীনের পক্ষে কাজ করছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকার অর্থায়ন বেশি। এবার সেই হুঁশিয়ারিই কার্যকর করতে যাচ্ছে আমেরিকা। ট্রাম্প নিজেই জানিয়েছেন যে, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য আমেরিকার অর্থায়ন স্থগিত করার জন্য নির্দেশনা দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রতিক্রিয়ায় তাদের ‘প্রাথমিক দায়িত্ব পালন করতে ব্যর্থ’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
চীনে ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনা করার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ তোলেন ট্রাম্প।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন যে, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন কমানোর সঠিক সময় নয়। মার্কিন প্রেসিডেন্ট তার নিজের দেশের করোনাভাইরাস প্রাদুর্ভাব সামলানোর বিষয়টি নিয়ে সমালোচিত হলেও হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
উল্লেখ্য, ককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সবচেয়ে বড় অঙ্কের অর্থায়ন করে আমেরিকা। গত বছর এই তহবিলে দেশটি দিয়েছে ৪০ কোটি ডলার, যা সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫%।

