রাজধানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১৪:০০

করোনাভাইরাসের মধ্যে বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জের পর এবার খোদ রাজধানীতে একই দাবিতে বিক্ষোভ ও অবরোধ করলেন গার্মেন্টস শ্রমিকরা। সরকার রপ্তানী শিল্পে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য। কিন্তু এর সুফল এখনও না মেলায় করোনা সংক্রমণের আশঙ্কা উপেক্ষা করে শ্রমিকরা অন্দোলন করছেন বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে রাজধানীর দক্ষিণখান ও বাড্ডায় বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরে বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে রাস্তা ছেড়ে ঘরে ফেরেন তারা।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো. শামীম হোসেন জানান, দক্ষিণখানে সুপার সাইন গার্মেন্টস লিমিটেডের একটি কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবি, দুই মাস ধরে বেতন ও ওভারটাইম পাননি তারা। পরে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

একইভাবে বকেয়া বেতন ভাতার দাবিতে বাড্ডায় সারা ফ্যাশন নামে একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেন। মালিকপক্ষ ২৫ তারিখের পর বেতন দেবে জানালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে ২০ তারিখের মধ্যে বেতন দেওয়ার আশ্বাসে সড়ক ছাড়েন শ্রমিকরা। জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

অপরদিকে, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার আশুলিয়া এলাকায় ১৬-১৭টি গার্মেন্ট কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বুধবার আন্দোলন করছেন বলে জানান গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার। তিনি বলেন, বকেয়া বেতন, ছাঁটাই ও লে-অফের কারণে শ্রমিকরা আন্দোলন করছেন। মালিকরা শ্রমিকদের ছাঁটাই ও বেতন না দিয়ে সড়কে নামানোর মাধ্যমে সরকারের সঙ্গে আরও সুবিধা নিতে দরকষাকষির পাঁয়তারা করছে বলে মনে করেন এই শ্রমিক নেত্রী। তিনি অবিলম্বে শ্রমিকদের বকেয়া পরিশোধ ও ছাঁটাই বন্ধের আহ্বান জানান। তথ্য সূত্র: বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading