আইইডিসিআরের ৬ কর্মী আক্রান্ত, সেব্রিনাসহ সবাই কোয়ারেন্টিনে

আইইডিসিআরের ৬ কর্মী আক্রান্ত, সেব্রিনাসহ সবাই কোয়ারেন্টিনে

উত্তরদক্ষিণ ১৬ এপ্রিল ২০২০ । ১৬:০০

নভেল করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে খোদ সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। সরকারি প্রতিষ্ঠানটির ৬ স্টাফ ও তাদের সংস্পর্শে আসা আরও দু’জন করোনাতে আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আক্রান্তরা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমন প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টিনে আছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আইইডিসিআরের টেকনোলজিস্ট, পচ্ছিন্নতাকর্মীসহ ৬ জন করোনায় আক্রান্ত হন। তাদের থেকে আক্রান্ত হন তাদের সংস্পর্শে আসা পরিবারের দু’জন সদস্য।

আইইডিসিআরের কর্মকর্তারা আইইডিসিআর ভবনের বাইরে থেকে আলাদা এক ভবনে কোয়ারেন্টিনে আছেন এবং সেখান থেকে তারা নিয়মিত অফিসের কাজ করছেন বলেও ওই কর্মকর্তা দাবি করেন।

বিশ্বে করোনা মহামারি শুরুর পর থকেই নিয়মিত সংবাদ সম্মেলনে দেখা যেত আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে। এরপর অনলাইন বুলেটিনেও অন্যান্যদের সঙ্গে ফ্লোরার সাবলীল উপস্থাপনা ও তথ্য প্রদান লক্ষ্য করা যায়। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার পর্যন্ত গত ৩দিন তাকে আর অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হতে দেখা যাচ্ছিল না। এ নিয়ে অনেকের মধ্যে কিছুটা কৌতূহল সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। শেষ পর্যন্ত জানা গেল তিনি কোয়ারেন্টিনে আছেন।

এদিকে আইডিসিআরের দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তারা হলেন- প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন।

এই দুজনের মধ্যে ডা. ফ্লোরার কভিড-১৯ টেস্ট করা হয়েছে। তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। প্রথম পরীক্ষায় করোনায় আক্রান্ত না হলেও তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন।

করোনায় আক্রান্ত আইইডিসিআরের ৮ স্টাফের সবাই কভিড-১৯ টেস্ট কাজে জড়িত ছিলেন। তাদের করোনা পজেটিভ আসার পর আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও কভিড-১৯ টেস্ট করা হয়। তার রিপোর্ট ‘নেগেটিভ’। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীরও স্বেচ্ছা কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading