ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা ভেঙে জানাজায় জনস্রোত

ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা ভেঙে জানাজায় জনস্রোত

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৬:০১

করোনাভাইরাসের মধ্যে জনসমাগমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে খেলাফত মজলিশ নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নিয়েছেন।

জুবায়ের আহমদ আনসারীর প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় শনিবার সকাল ১০টা থেকে এই জানাজা হয়। সে সময় মানুষের ভিড় মাদ্রাসার সীমানা ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে পৌঁছালেও পুলিশ ছিল নীরব ভূমিকায়।

এ বিষয়ে প্রশ্ন করলে সরাইল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন টিটু বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহর ছাড়াও ঢাকা থেকে লোকজন এসেছে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিল না।”

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে।

সংক্রমণের বিস্তার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে আগেই। অর্থাৎ, এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারার কথা না। জনসমাগম এড়াতে যেখানে সরকারের তরফ থেকে মসজিদেও জামাতে নামাজ না পড়তে বলা হচ্ছে তারপরও কীভাবে সরাইলে এত মানুষের সমাগম হল সে বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য জানতে পারেনি।

খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারী শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাস পাড়ায় নিজের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর। জুবায়ের আহমদ আনসারীর বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। ওই এলাকা থেকে ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে হেরেছিলেন তিনি।

তার মৃত্যুর খবরে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ সরাইলের ওই মাদ্রাসায় ভিড় করতে শুরু করে।

জানাজায় ইমামতি করেন আনসারীর ছেলে আসাদ উল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ইসমাইল নূরপুরী, মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মামুনুল হক, ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিশের সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম জানাজায় অংশ নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading