কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬
উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১১:৫৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় এলজি, ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ.নুরুল হাকিম। এর আগে, গতকাল রবিবার রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারি আলমগীরের বাড়িতে ও আরেকটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেরার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হানিফ সিকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই ওয়ার্ডের জসিম উদ্দিনের বাড়ির মৃত আবু তাহেরের ছেলে ওসমান গনি ওরফে সেলিম (৪৫), চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুরগি ব্যাপারী বাড়ির আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. আজাদ হোসেন স্বপন (৪০)। তবে তাৎক্ষণিক অপর দুজনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্বপন চরবালুয়ার শাহীন বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮ নম্বর আসামি।
ওসি মোহাম্মদ.নুরুল হাকিম আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইউডি/রেজা

