সিঙ্গাপুর ও ইন্ডিয়া থেকে ফিরেছেন ৩৫৩ বাংলাদেশি
উত্তরদক্ষিণ ২২ এপ্রিল ২০২০ । ১৮:২৪
সিঙ্গাপুর ও ইন্ডিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩৫৩ জন বাংলাদেশি। বিভিন্ন সময় তারা ওই দুটি দেশে নানা কারণে গিয়েছিলেন। এর মধ্যে ১৬৮ জন ফিরেছেন ইনিয়া থেকে এবং সিঙ্গাপুর থেকে ফিরলেন ১৮৫ জন। অপরদিকে, বাংলাদেশ থেকে ৯৮ জন সিঙ্গাপুর গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ১৮৫ জন বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ফিরে গেছেন ৯৮ জন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় আসেন। অন্যদিকে ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে দুপুর ২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট।
ইন্ডিয়া থেকে ফিরেছেন ১৬৮ জন
অপরদিকে, চার শিশুসহ ১৬৮ বাংলাদেশিকে ইন্ডিয়ার চেন্নাই থেকে ফিরিয়ে এনেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। তৃতীয় দফায় ভারতের চেন্নাইতে আটকে পড়া এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো। বুধবার (২২ এপ্রিল) তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউএস বাংলার ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্যও নিশ্চিত করেছেন।
এর আগে ২০ ও ২১ এপ্রিল চেন্নাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি ফ্লাইট পরিচালনা করে ইউএস বাংলা। এছাড়া, আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দু’টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না। এমতাবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়।’

