বিকালের হঠাৎ বৃষ্টিতে রাতের অন্ধকার

বিকালের হঠাৎ বৃষ্টিতে রাতের অন্ধকার

উত্তরদক্ষিণ ২৩ এপ্রিল ২০২০ । ১৯:২০

বৈশাখের দুপুরে ছিল স্বাভাবিক গরম। তবে রোদের তেজ খানিকটা মরে যেতে থাকে দুপুর ২টার পর থেকে। আকাশজুড়ে তখন মেঘের ঘনঘটা। সে মেঘ খুব দ্রুতই রঙ বদলালো, রোদেলা আকাশ ঢেকে দিয়ে পুরো কালো মেঘে এমনই ছেয়ে যায় যে, মনে হতে থাকে সন্ধ্যা নেমে এসেছে। সঙ্গে বজ্রের কড়কড়ানি আতঙ্ক ধরিয়ে দেয় রাজধানীবাসীর মনে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় ঘরে ঘরে দরজা জানালা বন্ধ করতে করতেই শুরু হয় তীব্র বাতাস। একই গতিতে ধেয়ে আসে তুমুল বৃষ্টি। ঝড়ো বাতাস আর বৃষ্টিতে সবকিছু উল্টে পাল্টে যায়। নুয়ে পড়তে থাকে চারপাশের গাছপালা। ঝড়ে ক্ষতি হয় আম গাছের। অনেক গাছ থেকেই কচি আম ঝরে পড়ে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি বাতাস। বৃষ্টির গতিও কমে যায়। আকাশ আগের তুলনায় পরিষ্কার হতে থাকে সোয়া ৪টার দিকেই। এরপর আবারও দেখা মেলে বৈশাখের রোদের।

বিকালে হঠাৎ অন্ধকার হয়ে আসে চারপাশআবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, এখনও সব অঞ্চলের গতিবেগ পাওয়া যায়নি। কিন্তু রাজধানীতে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে গেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, সিলেট , খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ২৩ মিলিমিটার। এছাড়া শ্রীমঙ্গলে ১৬, কুমিল্লায় ১৩, চাঁদপুরে ২০, বরিশাল ও মংলায় ৯, সিলেটে ২, পটুয়াখালীতে ১ এবং ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading