দেশে আক্রান্ত ৫৯১৩। মোট মৃত্যু ১৫২, সুস্থ ১৩১
উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৪:৩৫
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে করোনাভাইরাস বা কভিড-১৯ এ দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫২ জনে দাঁড়াল। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৮৯২ জমা পড়া নমুনার মধ্যে ৩৮১২টি পরীক্ষা করে নতুন করে ৪৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৯১৩ জনে। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জনান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন ১৩১। তবে যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে কতজন সুস্থ হয়েছেন সেই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই বলেও জানান এই কর্মকর্তা।
এছাড়া দেশে এ পর্যন্ত করোনা শনাক্তে মোট ৫০ হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে অনলাইন বুলেটিনে জানানো হয়।

