হাসপাতালে ভর্তি হলেন বলিউড তারকা ইরফান খান
উত্তরদক্ষিণ মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২০ । ১৯ঃ৩৩
বলিউডের গুণী তারকা ইরফান খান হাসপাতালে ভর্তি হয়েছেন। লকডাউনের মধ্যেই মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে আজ (২৮ এপ্রিল) ভর্তি হলেন তিনি। ইন্ডিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তাঁর স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও তাঁর সঙ্গে রয়েছেন।
ইরফান খানের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোলন সংক্রমণের কারণে’ ৫৩ বছর বয়সী এই তারকাকে আইসিইউতে নেয়া হয়েছে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। দৃঢ় মনোবল তাকে বরাবরই বেচে থাকার লড়াইয়ে সহায়তা করেছে। অগাধ ইচ্ছাশক্তি এবং শুভাকাংখীদের প্রার্থনায় শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মাত্র চার দিন আগে তাঁর মা সায়েদা বেগম জয়পুরে মারা যান। লকডাউনের কারণে সেখানে পৌঁছতে পারেননি ইরফান। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। তাই ভিডিও কলেই পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে যাবতীয় কাজ সেরেছেন।
ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন এই বলিউড অভিনেতা। ২০১৮ সালের মে মাসে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পরে তাঁর।

তাঁর সর্বশেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরী করা সত্বেও মুক্তির পরপরই (মার্চ মাসে) করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে প্রদর্শনী বন্ধ হয়ে যায়। এটি তারই অভিনীত অভাবনীয় ব্যবসা সফল ছবি ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল। হোমি আদাজানিয়ার পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর, রাধিকা মদন ও দীপক দোবরিয়াল।
মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত বাংলাদেশের বিশেষ আলোচিত ছবি ‘ডুব’-এর সঙ্গে যুক্ত ছিলেন।
ইরফানের জন্ম রাজস্থানের জয়পুরে। তাঁর পরিবার এখনও সেখানেই থাকে। সেখান থেকেই দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়তে আসেন। এরপর পাকাপাকি ভাবে যোগ দেন বলিউডে।
সুত্রঃ ইন্ডিয়া টাইমস, আনন্দবাজার। ছবিঃ সংগৃহিত।

