জেন্ডায়ার জন্মদিনে ইনস্টাগ্রামে তৈরি হলো নতুন রহস্য
উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:০০
হলিউড অভিনেত্রী জেন্ডায়ার ৩০তম জন্মদিনে তাকে নিয়ে তৈরি হয়েছিল বেশ রহস্য। এই অভিনেত্রীর মা ক্লেয়ার স্টোয়ারমার জানালেন, মেয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে। কিন্তু মায়ের সেই মন্তব্যের কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে হাজির জেন্ডায়া নিজেই! জন্মদিনে নিজের ছোটবেলার ছবি পোস্ট করে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দিয়েছেন তিনি।
গত ১ সেপ্টেম্বর ৩০ বছরে পা দিয়েছেন জেন্ডায়া। বিশেষ দিনটিতে মেয়ের শৈশবের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন ক্লেয়ার। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া সেই পোস্টে তিনি জানান, জেন্ডায়া এখন আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন না। ফলে মেয়ের চোখে তার পোস্টটি পড়বে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
মেয়ের সঙ্গে অবশ্য যোগাযোগ ছিল। ক্লেয়ার জানান, পোস্টটি দেওয়ার কিছুক্ষণ আগেই ফেসটাইমে জেন্ডায়ার সঙ্গে কথা বলেছেন তিনি। মায়ের এমন মন্তব্য দ্রুতই ভক্তদের নজরে আসে। অনেকেই ধরে নেন, কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
কিন্তু সেই ধারণা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মায়ের পোস্টের পরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছোটবেলার একটি ছবি শেয়ার করেন জেন্ডায়া। জন্মদিনে ভক্তদের পাঠানো শুভেচ্ছা ও ভালোবাসার জন্য তাদের ধন্যবাদও জানান তিনি।
এর আগে গত ৮ জুলাই ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেছিলেন জেন্ডায়া। ‘ডুন: পার্ট থ্রি’-এর ট্রেলার প্রকাশের পর সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর জন্মদিন উপলক্ষে আবারও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি দেখা গেল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনজীবন থেকে দূরে থাকার ইচ্ছার কথা জেন্ডায়া এর আগেও জানিয়েছেন। চলতি বছরের শুরুতে ফানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, টানা কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছুদিন জনজীবনের ব্যস্ততা থেকে দূরে থাকতে চান। মজা করে তখন জানিয়েছিলেন, কিছুদিন তাকে হয়তো কম দেখা যাবে এবং তিনি অনেকটা আড়ালে থাকতে চান।
অবশ্য কাজ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার বিষয়টি তার জন্য খুব একটা সহজ নয়। কয়েক মাস পর ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, দীর্ঘ সময় কাজ ছাড়া থাকলে তিনি অস্থির হয়ে পড়েন। বিরতি শেষ হওয়ার আগেই নতুন কাজ খুঁজতে শুরু করেন বলেও জানান তিনি।
তাই মায়ের কথায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পুরোপুরি বিদায় নেওয়ার ইঙ্গিত মিললেও জন্মদিনে জেন্ডায়ার নিজের পোস্ট যেন বলছে অন্য কথা। আপাতত নিয়মিত না হলেও বিশেষ মুহূর্তে ভক্তদের সঙ্গে যোগাযোগের দরজা যে পুরোপুরি বন্ধ করছেন না, তারই ইঙ্গিত মিলল ৩০তম জন্মদিনে।
ইউডি/কেএস

