তাহসানের প্রথম অ্যালবাম নিলামে বিক্রির টাকা ব্র্যাক ফাউন্ডেশনে

তাহসানের প্রথম অ্যালবাম নিলামে বিক্রির টাকা ব্র্যাক ফাউন্ডেশনে

উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৩:২৫

করোনাকালীন সংকটের সঙ্গে লড়তে নিজের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি বিক্রি করলেন গায়ক তাহসান। অনলাইন নিলামে তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি নিলামে উঠেছে সাড়ে ৭ লাখ টাকা। ডেট টেপ ও গান লেখার কাগজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল তিন লাখ টাকা। আমিন হাসান নামের একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছেন। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে।

নিলামের এই টাকা দিয়ে ৩ হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক। আর আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত। নিলামে জয়ী আমিন হাসান এর বেশি কিছু বলতে চান না। তাহসানও তাকে ধন্যবাদ জানিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহসান জানান, ধন্যবাদ দেওয়া ছাড়া খুব বেশি একটা কথাও বলতে পারিনি। অধীর আগ্রহে অপেক্ষা করছি নিলামে বিজয়ীর সঙ্গে। তাহসান বলেন, ‘আমরা যখন বললাম তিন লাখ টাকা মিনিমাম, তখন অনেকে বলছিল, একটা কাগজে লেখা লিরিকের জন্য, আর একটা ছোট ক্যাসেটের জন্য মানুষ এত টাকা দেব কি না? আমার মনে হয়েছিল, আমার হয়তো লাখো, কোটি ভক্ত আছে। কিন্তু আমি তো সবার জন্য এটা করছি। একজনের কাছে এটার মূল্য থাকলেই হলো। আমার মনে হচ্ছিল, যারা আমার কাজ দেখেছে, তারা এই দুটি বস্তুর মূল্য বুঝবে, এই আত্মবিশ্বাস আমার ছিল। আমি খুবই খুশি যে, আমার ত্যাগটা ভালোভাবে কাজে লাগবে। আমার কাছে মহামূল্যবান এই দুটি বস্তুর থেকে আয়কৃত টাকা ভালো জায়গায় যাবে। যিনি নিলাম জিতেছেন, তাকে সামনাসামনি ধন্যবাদ জানানোর জন্য অপেক্ষা করছি।’

‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি দারুণ জমেছিল গত সোমবার রাতে। একসময় এ আয়োজনের লাইভে আসে তাহসানের গানের বন্ধু ব্ল্যাক ব্যান্ডের টনি ও জন। তিন বন্ধুর অনলাইন আড্ডা লাইভে ভিন্নমাত্রা যোগ করে। ভক্তরাও নানা রকমের মন্তব্য জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তাহসান বলেন, ‘সারা পৃথিবীতে তারকারা ফান্ড সংগ্রহে নিলামে অংশ নেন। আমাদের এখানে হয়নি। তারকাদের জনপ্রিয়তাকে ব্যবহার করে টাকা উত্তোলনের সুযোগটা ভালো। আমরা খুবই হ্যাপী, আমাদের নক্ষত্র সাকিব আল হাসানের ব্যাট নিলামে উঠেছে। বাংলাদেশের প্রতিটা ফিল্ডে যাঁরা মানুষের ভালোবাসা পেয়েছেন, আমরা যেন এই ভালোবাসা ব্যবহার করে কিছু করতে পারি। আমার নিলামের বিষয়টা যখন এলো ভাবলাম, আমার কাছে কি এমন জিনিস আছে, যেটা আমি হারাতে চাই না। অনেক দিন ধরে ড্রয়ারে রেখেছি। হারালে মনে হবে আমিও কিছু স্যাক্রিফাইজ করছি। তখনই মনে হলো আমার প্রথম অ্যালবাম “কথোপকথন”–এর ডেট টেপ এবং ঈর্ষা গানটি যে কাগজে লিখেছিলাম, সেই পাতাটা। আমার এই অ্যালবামের কারণে মানুষ আমাকে চিনেছে। এত ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসার মহামূল্যবান বস্তু দুটি করোনা আক্রান্তদের তহবিল সংগ্রহে উৎসর্গ করেছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading