মাদ্রাসায় ৭ লাখ টাকা অনুদান দিলেন এমপি সংগ্রাম
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৬:৩০
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। নাসিরগরের কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। এর অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্প্রতি নাসিরনগর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ৫৮টি চেকের মাধ্যমে ৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন তিনি।
এসময় এমপি সংগ্রাম বলেন, মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সবসময় পাশে থাকব। তিনি আরো বলেন, ইমাম ও আলেমরা হলেন সমাজের সম্মানিত মানুষ। তাই করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ওনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোহাম্মদ রাফি উদ্দিন, নাসিরনগরের এসিল্যান্ড তাহমিনা আক্তারসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অপরদিকে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হতদরিদ্র পরিবারের হাতে খাবারসামগ্রী উপহার হিসেবে তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালে কর্মরত সকলের আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেন। জরুরি ভিত্তিতে হাসপাতালের জন্য গাড়ি বরাদ্দ করায় এমপি সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

