বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৩:৩৩

ইন্ডিয়ান চলচ্চিত্র তারকা বা বলিউড অভিনেতা ইরফান খান মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কলোন ইনফেকশনে তার মৃত্যু হয় বলে এনডিটিভি’র খবরে বলা হয়েছে।

জানা গেছে, এই অভিনেতা কয়েক মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকমাস আগে টিউমারের চিকিৎসা শেষে লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরেছিলেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরফান খান তার জীবনের শেষ সময়গুলো তার প্রিয়জনদের সান্নিধ্যে ছিলেন।

মাত্র চারদিন আগে গত শনিবার সকালে রাজস্থানের জয়পুর শহরে ৯৫ বছর বয়সে ইরফানের মা সায়ীদা বেগমের মৃত্যু হয়। বার্তা সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, করোনভাইরাস লকডাউনের কারণে ইরফান মুম্বাই থেকে জয়পুর যেতে পারেননি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৃত মাকে শেষ বিদায় জানান তিনি।

তবে অসুস্থতার জন্যই এ অভিনেতা মায়ের শেষকৃত্যে অংশ নিতে পারেননি বলে ইন্ডিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম খবর দিয়েছিল বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

ইরফানের স্ত্রী ও তার দুই সন্তানও হাসপাতালে ছিলেন বলে জানা গিয়েছিল। মাত্র ৫৩ বছর বয়সে স্ত্রী সুতপা সিকদার ও দুই সন্তান, বাবিল ও আয়ান খানকে রেখে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের এই খ্যাতিমান অভিনেতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading