মধুপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র আটক
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ২২:১০
টাঙ্গাইলের মধুপুরে মাদরাসায় অধ্যয়নরত রাজু আহমেদ (১৮) এর বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভোরে মধুপুর থানা পুলিশ পার্শ্ববর্তী উপজেলা গোপালপুরের রামনগর এলাকার দাদার বাড়ী থেকে রাজুকে গ্রেফতার করেছে। সে মধুপুর পৌর শহরের টেংরি হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং পৌর এলাকার পুন্ডুরা গ্রামের মো. হানিফ খন্দকারের ছেলে।
মধুপুর থানার এসআই জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (২৬ এপ্রিল) দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরীকে টাকা ও সদাইয়ের লোভ দেখিয়ে বাড়ীর পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে রাজু তাকে মুখে গামছা পেচিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সে পালিয়ে যায়। গত দুইদিন এ নিয়ে স্থানীয় মাতাব্বররা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে আসছিল। অসহায় ওই প্রতিবন্ধীর মা ছাড়া পরিবারে তেমন কেউ নেই। পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে এবং রাজুকে গতকাল বুধবার ভোরে গোপালপুর উপজেলার রামনগর গ্রামের তার দাদার বাড়ী থেকে আটক করা হয়।

