করোনায় পুলিশের আরও একজনের মৃত্যু
উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১৩:১১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৫জন। যা এ পর্যন্ত সরকারি কোনো সংস্থার সবচেয়ে বেশি। সরকারি সংস্থাগুলোর মধ্যে এর আগে দুদকের এক পরিচালক ও সরকারি হাসপাতালে একজন ডাক্তার মারা গেছেন।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২ মে) ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী এসআই সুলতানুল আরেফিনের মৃত্যু হয়।
সুলতান পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় সুলতানের মরদেহ ইতোমধ্যে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে সদরদপ্তর।

এর আগে পুলিশের এসআই নাজির উদ্দীন (৫৫), এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্দিন করোনাভাইরাসে মানা যান।
পুলিশ সদরদপ্তর বলছে, ২ লাখের বেশি পুলিশ সদস্যের এ বাহিনীতে এ পর্যন্ত ৬৭৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগরেই আক্রান্ত হয়েছেন ৩২৮ জন। তথ্য সহায়তা বিডিনিউজ।

