দেশে একদিনেই করোনামুক্ত ৮৮৬ জন

দেশে একদিনেই করোনামুক্ত ৮৮৬ জন

উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ২১:১৫

হিল্লোল বাউলিয়া: করোনা সংক্রমণ শুরুর পর হয়তো বাংলাদেশেই সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি ছিল। দু’দিন আগেই একই চিত্র ছিল দেশে। গত ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট মৃত্যু সংখ্যা ছিল ১৬৮ ও সুস্থ ১৬০ জন। এর পরের দিন চিত্র বদলে যায়। ১ মে মৃত্যু বেড়ে হয় ১৭০ জন। অপরদিকে সুস্থ সংখ্যা বেড়ে হয় ১৭৪ জন। এর পরের দিনও ঠিকই একইভাবে বাড়ছিল মৃত্যু আর সুস্থ হওয়ার সংখ্যা। অর্থাৎ ২ মে শনিবার পর্যন্ত দেশে মোট মৃত্যু ১৭৫, সুস্থ ১৭৭ জন। অর্থাৎ মৃতের চেয়ে সুস্থ ২ জন বেশি। অবশ্য এদিনই ইঙ্গিত দেয়া হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে, ৮ শতাধিক কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে উঠছেন। তাদের পরিস্থিতি ভালো। দ্রুতই তাদেরকে ছেড়ে দেয়া যাবে।

এর পর রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আজ একটি ভিন্ন বিষয় তুলে ধরবো শুরুতেই। পরীক্ষা, আক্রান্ত ও মৃতের সংখ্যা জানানোর আগে তিনি জানান, দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৬৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা’র দেয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ৮৮৬ জন সুস্থ হয়েছেন। বিষয়টি এ মুহূর্তে কিছুটা আশার আলো দেখাচ্ছে দেশবাসীকে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

রবিবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনের শুরুতেই স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের নতুন যে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট আছে, তারা নতুন একটি গাইডলাইন তৈরি করেছেন। আমরা কীভাবে রোগীদের সুস্থ বলতে পারব বা তারা হাসপাতাল ত্যাগ করতে পারবেন কী কী ক্রাইটেরিয়ায় (বৈশিষ্ট্য)। এই ক্রাইটেরিয়াতে আমরা বলব, আমাদের এ পর্যন্ত সুস্থ হয়েছেন যারা, তাদের সংখ্যা হয়েছে ১ হাজার ৬৩ জন। তার মধ্যে ঢাকা মহানগরীর হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন এবং বিভাগীয় হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৪৩৯ জন।’

বিভাগগুলোর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের সংখ্যা উল্লেখ করে
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘মহানগরীর হাসপাতালগুলো বাদে ঢাকা বিভাগের হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন, চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলো থেকে ৭২ জন, রাজশাহী থেকে দু’জন, খুলনা থেকে ছয়জন, বরিশাল থেকে ২৯ জন, সিলেট থেকে দু’জন, ময়মনসিংহ থেকে ৩১ জন এবং রংপুর বিভাগের হাসপাতালগুলো থেকে ২৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।’

ঢাকা মহানগরীর চিত্র তুলে ধরে স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘ঢাকা মহানগরীর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ২৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ২১৩ জন, ইনফেকশাস ডিজিজ হাসপাতাল থেকে আটজন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৩৮ জন, রিজেন্ট হাসপাতাল থেকে ১৫ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল থেকে ২২ জন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে ২৬ জন এবং মিরপুর লাল কুঠির হাসপাতাল থেকে চারজন সুস্থ হয়েছেন।’

উল্লেখ্য, রবিবার পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১৭৭ জন। যদিও মৃত্যু সংখ্যা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করছেন। তবে সরকারি হিসাবে এটাই চূড়ান্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading