পেঁপের ‘করোনা পজিটিভ’, অতঃপর..!

পেঁপের ‘করোনা পজিটিভ’, অতঃপর..!

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ১৩:৩৫

মানুষ, বন্য বা গৃহপালিত প্রাণীর করোনা পজিটিভ থাকতে পারে। তাই বলে কি ফলেরও করোনা পজিটিভ হতে পারে? ফলের গায়ে করোনাভাইরাসের জীবাণু লেগে থাকলে হয়তো এমনটি হতেও পারে! তাঞ্জানিয়ায় এমন পরীক্ষায় পেঁপের করোনা পজিটিভ আসায় চাকরি হারাতে হয়েছে দুই কর্মকর্তাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, পেঁপের নমুনা পরীক্ষায় ‘করোনাভাইরাস পজিটিভ’ আসার পর তাঞ্জানিয়ার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরির পরিচালক ও কোয়ালিটি ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ওই ল্যাবরেটরিতে করোনাভাইরাস পরীক্ষার জন্য ব্যবহৃত কিটের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর একদিন পর শীর্ষ ওই কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সোমবার (৪ মে) সরাসরি সম্প্রচারিত এক ভাষণে মাগুফুলি জানান, প্রাণী ও ফলের নমুনা সংগ্রহ করে সেগুলোতে মানুষের নাম ও বয়স লিখে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল করোনাভাইরাস ল্যাবরেটরিতে। তার কিছু নেগেটিভ ও কিছু পজিটিভ এসেছে। যেমন গাড়ির তেলের নমুনায় জাবির হামজা, বয়স-৩০ (পুরুষ) লেখা হয়েছিল, ফল এসেছে নেগেটিভ। সারা সামওয়েলি, ৪৫ বছর বয়সী নারী- এমনটি লিখে কাঁঠালের একটি নমুনা পাঠিয়েছিলাম আমরা, এই পরীক্ষার ফলাফল নিষ্পত্তিহীন ছিল। কিন্তু যখন এলিজাবেথ অ্যান, ২৬ বছর লিখে পেঁপের নমুনা পাঠানো হলো, তখন পেঁপের করোনাভাইরাস ধরা পড়ল!

প্রেসিডেন্ট জানান, একটি পাখি ও একটি ছাগলের নমুনার দুটোই পজিটিভি এসেছে। কিন্তু খরগোশের নমুনা পরীক্ষায় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ল্যাব। তাঞ্জানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ওই ল্যাবরেটরি কীভাবে পরিচালিত হচ্ছে- তা তদন্ত করে ১৩ মের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।

তাঞ্জানিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে ৪৮০ জনের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ১৬ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading