‘রাষ্ট্রচিন্তা’র দিদারুলকে তুলে নেয়ার অভিযোগ
উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৭:৪৫
দুর্যোগ সহায়তা মনিটরিং সেল ও ‘রাষ্ট্রচিন্তা’ নামের একটি সংগঠনের সদস্য দিদারুল ভূঁইয়াকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। একই সঙ্গে বুধবার (৬ মে) রাতের মধ্যে তাকে ফেরত দেওয়া দাবি জানানো হয়েছে।
বুধবার দুপুরে পুরানা পল্টনে ‘রাষ্ট্রচিন্তা’র কার্যালয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে ‘দিদার ভুঁইয়াকে ফেরত চাই’ স্লোগানে বুধবার রাত ১০টায় অনলাইন প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দেশে এবং দেশের বাইরের লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, নাগরিকদের এ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাতের মধ্যে ফেরত না পেলে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। ‘রাষ্ট্রচিন্তা’র পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লেখক রাখাল রাহা জানান, মঙ্গলবার (৫ মে) ইফতারের আগে কয়েকজন ব্যক্তি কালো একটি মাইক্রোবাসে করে এসে র্যাব-৩ পরিচয়ে দিদারুলকে তার উত্তর বাড্ডার বাসা (চ-৫১/১) থেকে তুলে নিয়ে যায়। এ সময় তার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্রও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
পুরানা পল্টনে রাষ্ট্রচিন্তার কার্যালয় থেকে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিদারুলের স্ত্রী দিলশান আরা অপর্না ও ছেলে দীপ্ত ইসলাম।
এ বিষয়ে জানতে র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. রহমতুল্লাহ বলেন, ‘সরকাবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে র্যাব-৩ এর ডিএডি আবু বকর সিদ্দিক মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে যে ১১ জনকে আসামি করে মামলা করেছেন, তাদের মধ্যে দিদারুলও আছেন। দিদারুলকে গ্রেপ্তার করা হয়েছি কিনা জানতে চাইলে তিনি সংবাদিকদের বলেন, গ্রেপ্তার করা হলে আপনারা জানতে পারবেন।
ওই মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব। তথ্য সহায়তা বিডিনিউজ।

