সীমিতভাবে গণপরিবহন চালুর সুপারিশ ডা. জাফরুল্লাহ’র
উত্তরদক্ষিণ শুক্রবার ১৫ মে ২০২০। ১৬:১৫
করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউন পরিস্থিতিতে সীমিতভাবে গণপরিবহন চালুর সুপারিশ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার (১৫ মে) আদর্শ নাগরিক আন্দোলনের ডাকা ‘অবস্থান কর্মসূচি’তে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সরকারের কাছে এ সুপারিশ করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, আজকে পথে পথে গাড়ি-ঘোড়া চলতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের বাহন গণপরিবহন চালু হয়নি। সেকারণে আমার একান্ত সুপারিশ প্রতি দুই ঘণ্টা পর পর গণপরিবহন চালু করা প্রয়োজন। অপর পক্ষে প্রতি দুই দিন সাপ্তাহে প্রাইভেট কার চালানো বন্ধ রাখতে হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করে তা ধাপে ধাপে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে গণপরিবহন বন্ধ রয়েছে, তবে বিধিনিষেধের মধ্যে দোকানপাট খোলা রয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনের সামাজিক দূরত্ব বজায় রেখে আদর্শ নাগরিক আন্দোলনের উদ্যোগে ‘তিন মাসের বাড়ি, মেস ও দোকান ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জারি ও ভর্তুকির দাবিতে ৩ ঘণ্টার অবস্থান কর্মসূচি হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এতে বক্তব্য দেন। তথ্য সহায়তা বিডিনিউজ।

