দেশের সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ

দেশের সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশ

উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ১২:২০

একই হাসপাতালে ‘কোভিড-১৯’ ও ‘নন-কোভিড’ রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দিতে হবে। ঈদুল ফিতরের আগের দিন, গত ২৪ মে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছেও সেটি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কোভিড-১৯ চিকিৎসায় নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু সেখানে পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসা সেবার অপ্রতুলতার নানা অভিযোগ ওঠে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিশ্চিত না হলেও জ্বর, সর্দি-কাশির সাধারণ রোগীরাও হাসপাতালে ভর্তি হতে না পারা বা চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেন। এমন প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি সব হাসপাতালে একইসঙ্গে কোভিড-১৯ ও নন-কোভিড রোগীদের চিকিৎসা সেবা চালু করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ”স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করে, একই হাসপাতালে কোভিড-১৯ ও নন-কোভিড রোগীদের ভিন্ন ভিন্ন অংশে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেছেন। এই অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী কোভিড এবং নন-কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা ও তার বেশি শয্যা বিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ প্রদান করা হলো।” ওই চিঠিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম।

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রতিদিনই হাজারের বেশি রোগী সেই তালিকায় যোগ হচ্ছে। এই রোগীদের বেশিরভাগই যদিও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৫২২ জনের। সূত্র: বিবিসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading