নিজস্ব জেট বিমানে দেশ-ত্যাগ করেছেন রন সিকদার ও তার ভাই
রন হক সিকদার ও দিপু হক সিকদার
উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৮:৩১
সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার এবং তার ভাই দিপু হক সিকদার তাদের ব্যক্তিগত জেট বিমানে করে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তাদের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের এমডি-এএমডিকে হত্যা-চেষ্টার হুমকি অভিযোগে মামলা থাকা সত্বেও নির্বিঘ্নে ২৫ মে সকাল ৯টা ১১ মিনিটে দেশত্যাগ করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারী সব অনুমতি নিয়েই দু’ভাই সিকদার গ্রুপের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের একটি জেট বিমানে ঢাকা ছাড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য নিয়ম মেনেই সবকিছু হয়েছে। বর্তমানে রেগুলার ফ্লাইট বন্ধ রয়েছে। তবে সরকারের অনুমতি নিয়ে বিশেষ ফ্লাইট চলছে।
এ প্রসঙ্গে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘২৫ মে আরঅ্যান্ডআর এভিয়েশনের একটি স্পেশাল ফ্লাইট ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। যথাযথ অনুমোদন নিয়েই ফ্লাইটটি পরিচালিত হয়েছে।’

সিকদার গ্রুপের কর্ণধার জয়নুল হক সিকদারের দু’ছেলে রন হক সিকদার এবং তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের এমডি ও এএমডি’কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গুলশান থানায় গত ১৯ মে মামলা হয়েছে। মামলাটি করেছেন এক্সিম ব্যাংকের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম।
ওই মামলার এজাহারে দু’ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে অপহরণ করে হত্যার হুমকি দিয়েছেন, গুলি ছুড়েছেন। এমনকি জোরপুর্বক আটকিয়ে সাদা কাগজে এক্সিম ব্যাংকের এমডি’র স্বাক্ষর নেয়ার অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে মামলার ওই অভিযোগ নাকচ করে এক্সিমের বিরুদ্ধে পালটা অভিযোগ করে ন্যাশনাল ব্যাংকের আইনি পরামর্শক ও জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার গণমাধ্যমে বিবৃতি দেন। এ ব্যাপারে সিকদার গ্রুপ এখনও মুখ খোলেনি।

