আজ বিশ্ব পরিবেশ দিবস
ঊত্তরদক্ষিণ শুক্রবার ০৫ জুন ২০২০ । ০০ঃ০১
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘ ঘোষিত এই বিশেষ দিনটিতে ১৯৭৪ সাল থেকে সারা বিশ্বে পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে। চলতি বছরে দিবসটির বিশেষ প্রতিপাদ্য হচ্ছে, জীব-বৈচিত্র।
১৯৭৪ সাল থেকে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।
চলতি বছরে এক বিশেষ বাস্তবতার মুখোমুখি গোটা পৃথিবী। করোনা (কোভিড-১৯) ভাইরাসের কারণে বিশ্বের মানুষের জীবন ও জীবিকা প্রায় বিপর্যস্ত। গত তিন মাসের অধিক সময় পৃথিবী যেন লকড-ডাউন, মানুষ একপ্রকার ঘরবন্দি।
চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য জীববৈচিত্র্য। এটা সংরক্ষণের এখনই সময়। বিশেষজ্ঞদের মতে, পৃথিবী ও প্রাণি-সম্পদ রক্ষায় জীববৈচিত্র্য রক্ষার বিকল্প নেই।
এবার পরিবেশ দিবসের আয়োজক দেশ কলম্বিয়া। জার্মানির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করবে তারা। গত বছর ছিল চীন। সারা বিশ্বের জীববৈচিত্র্যের ১০ শতাংশই রয়েছে কলম্বিয়াতে। অ্যামাজন এর একটি বড় অংশ রয়েছেই কলম্বিয়াতে। এই অ্যামাজনেই বছরের পর বছর আগুন ধরিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়া, আমেরিকার বনভূমিতেও গত বছর বড় রকমের আগুনের সূত্রপাত হয়।
জাতিসংঘ বলছে, জীববৈচিত্র্য সংরক্ষণ না করাতে আমাদের পরিবেশের ভারসাম্যই শুধু নষ্ট হচ্ছে না আমরা এর মাধ্যমে আমাদের জীবনকে ধ্বংস করছি। কোভিড আমাদের সেই শিক্ষা দিচ্ছে উল্লেখ করে জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে আমরা জীববৈচিত্র্য রক্ষা করলে শুধু খাদ্যেরই যোগান পাব না বরং ওষুধসহ নির্মল পানি এবং বাতাস পাব। যা মানুষের সুস্থতার বড় অনুষঙ্গ হতে পারে।
আয়োজক কলম্বিয়া বলছে, এখন তাদের দেশে প্রায় ১০ লাখ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। জীববৈচিত্র্য সংরক্ষণে এর থেকে গুরুত্বপূর্ণ সময় আর আসেনি। জীববৈচিত্র্য সংরক্ষণ না করায় জলবায়ু পরিবর্তন হচ্ছে যার শিকার হচ্ছে বাংলাদেশও। প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়াতে লবণাক্ত পানিতে তলিয়ে যাচ্ছে বিস্তর এলাকা। এতে মানুষ গৃহহীন হয়ে ভাসমান জীবন যাপন করছে। শুধু বাড়িই নয় মানুষ হারাচ্ছে ফসলের মাঠ এবং তার কাজের জায়গাও।

