করোনা আপডেট : গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫, আক্রান্ত নতুন ২ হাজার ৬৩৫ ও সুস্থ্য ৫২১
উত্তরদক্ষিণ : শনিবার ০৬ জুন ২০২০ । আপডেট ১৪:৫৮
গত ২৪ ঘন্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৩৫ জন মারা গিয়েছেন। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার (০৬ জুন) নিয়মিত বুলেটিনে দেশের করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরেন।
শনিবার সকাল পর্যন্ত সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে (কমপক্ষে) ৩৫ জনের, আক্রান্ত হিসেবে নতুন ভাবে চিহ্নিত হয়েছেন (কমপক্ষে) ২ হাজার ৬৩৫ জন এবং সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন (কমপক্ষে) আরও ৫২১ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের অর্ধশত পরীক্ষাগারে মোট ১২ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৮৪ হাজার ৮৮১টি নমুনা পরীক্ষা হল।
সর্বমোট আক্রান্তঃ সব মিলিয়ে আজ শনিবার (০৬ জুন) সকাল পর্যন্ত সারা দেশে পরীক্ষায়/টেস্টে সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে (কমপক্ষে) ৬৩ হাজার ২৬ জন।
সর্বমোট মৃতঃ দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সর্বমোট ৮৪৬ জন।
সর্বমোট সুস্থ্যতা লাভঃ সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫২১ জন। সব মিলিয়ে এ যাবত সুস্থতা লাভ করলেন সর্বমোট (কমপক্ষে) ১৩ হাজার ৩২৫ জন।
নাসিমা সুলতানা জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী যাদের মধ্যে ২৫ জন হাসপাতালে, ৯ জন বাড়িতে মারা গেছেন।
মৃতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মৃতদের ২০ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন সিলেট বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।
বুলেটিনে জানানো হয়, মৃত ৩৫ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। ৯ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।
বুলেটিনে জানানো হয়, নমুনা পরীক্ষায় নতুন করে যুক্ত হয়েছে বগুড়ার টিএমএনএ মেডিকেল ও রেফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল।
পুরনো নমুনা পরীক্ষাগারের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ‘কারিগরি ত্রুটির’ কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জীবাণমুক্তকরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষাগার বন্ধ ছিল।
নাসিমা সুলতানা বলেন, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৩১৪ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৭ হাজার ১৬৮ জন রোগী।

