রুবানা হকের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা কোনভাবেই মেনে নেয়া যায় না : বিএনপি
উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । ১৫:০২
সরকারের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা সহ নানা সুবিধা নিয়েও শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার পেছনে পোশাক মালিকদের কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে করছে বিএনপি। দলটি বলছে, এই ঘোষণা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (০৭ জুন) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএর সভাপতি রুবানা হক জুন মাস থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। প্রণোদনার ৫ হাজার কোটি টাকা নেওয়ার পর এই ঘোষণা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
“শ্রমিকদের জীবন-জীবিকাকে আমলে না নিয়ে ছাঁটাইয়ের কথা বলা চরম অমানবিক ও মানবতাবিরোধী। তাদের এই ঘোষণায় অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে।”
রিজভী বলেন, আপদকালীন ৫ হাজার কোটি টাকার প্রণোদনার বাইরেও পোশাক কারখানার মালিকরা নানা সহায়তা পান। এতো সুবিধা নিয়েও চরম দুঃসময়ে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে তারা অমানবিক কাজ করেছেন।
“পোশাক কারাখানায় শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে। লকডাউন শুরুর পর থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের রুজি-রোজগার বন্ধ হওয়ায় পরিবার নিয়ে মানবেতন জীবনযাপন করছে। এ সময়ে শুধু ব্যবসার কথা চিন্তা করে ছাঁটাই অন্যায্য।”
কোভিড-১৯ প্রকল্প ‘দুর্নীতির আখড়া’ বলে অভিহিত করে রিজভী বলেন, দুযোর্গপূর্ণ মুহূর্তেও সরকারের দুর্নীতিবাজরা দুর্নীতির চিন্তায় মগ্ন। বিশ্বব্যাংকের অর্থায়নে নেওয়া ‘করোনাভাইরাস মোকাবিলায় জরুরি সহায়তা’ প্রকল্পটিতে যেসব সামগ্রী কেনা হচ্ছে তার দাম বাজার মূল্যের চেয়ে বেশি ধরা হয়েছে।
প্রকল্পটির আওতায় এক লাখ সেফটি গগলস (প্লাস্টিকের চশমা), একলাখ ৭ হাজার পিপিই ও ৭৬ হাজার ৬০০ জোড়া বুট জুতা কেনার কথা।
রিজভী বলেন, ৫০০ থেকে ১০০০ হাজার টাকা মূল্যের প্রতিটি গগলসের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা। প্রতিটি পিপিইর বাজারমূল্য হচ্ছে একহাজার থেকে ২ হাজার টাকা যা ধরা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা, বুট জুতার দাম ৩০০ থেকে ৫০০ টাকা, যা প্রকল্পে ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।”
রিজভী অভিযোগ করেন, সরকার ভেন্টিলেটর আমদানির পরিকল্পনা নিলেও এখনো কেনার কার্যাদেশ দেয়নি। দুর্নীতির কারণে এই কার্যাদেশ দিতে দেরি হচ্ছে।
‘তারেক রহমান ও তার পরিবার নিয়ে অপপ্রচার’ করা হচ্ছে বলে বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করেন। তিনি বলেন, সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সম্পর্কে মনগড়া অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রিজভী বলেন, এই তথ্যগুলো মিথ্যা ও বানোয়াট এবং বিভ্রান্তিমূলক।

