বঙ্গবন্ধুর ভাগ্নে হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী শাহান আরা মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক

বঙ্গবন্ধুর ভাগ্নে  হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী শাহান আরা মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক
শাহান আরা । হাসনাত আব্দুল্লাহ । মেয়র সাদেক আব্দুল্লাহ

উত্তরদক্ষিণ : সোমবার ০৮ জুন ২০২০ । আপডেট ১০:৩১

বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদেক আব্দুল্লাহ’র মা শাহান আরা আব্দুল্লাহ রোববার (০৭ জুন) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখেনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোকঃ
শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ সোমবার (০৮ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহান আরা স্বামী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামী আবুল হাসানাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ছিলেন।

বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিশিষ্ট মহিলা মুক্তিযোদ্ধা শাহান আরা আব্দুল্লাহ ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। তিনি সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে তিনি গুলিবিদ্ধ হনঃ
শাহান আরা আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ অগাস্টে সপরিবারে ( হাসিনা ও রেহানা ব্যতিত) নির্মম হত্যাকান্ডের রাতের একজন চাক্ষুস সাক্ষী। তিনি সেদিন মিন্টো রোডের বাড়িতে ছিলেন। তার চোখের সামনে গুলিতে নিহত হয় তার শিশুসন্তান সুকান্ত বাবু ও তার শ্বশুর (তৎকালীন বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী) আব্দুর রব সেরনিয়াবাত সহ অনেকে। সেদিন শাহান আরা নিজেও গুলিবিদ্ধ হন। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও সারা জীবন সেই নির্মম হত্যাযজ্ঞ আর বিভীষিকাময় রাতের স্মৃতি বয়ে বেড়িয়েছেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোকঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ’র মা শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading