স্বাস্থ্যসহ বাজেটে প্রধান্য পাচ্ছে যে ১০ মন্ত্রণালয়

স্বাস্থ্যসহ বাজেটে প্রধান্য পাচ্ছে যে ১০ মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ০৮:০৩

করোনা মহামারির মধ্যে নতুন অর্থবছরের বাজেটে সরকারের স্বাস্থ্য ও কৃষিসহ ১০টি মন্ত্রণালয়কে বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় হলো স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেতু বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়। সেই সাথে চলমান ৭টি মেগা প্রকল্পে বরাদ্দে প্রধান্য দেয়া হয়েছে।

নতুন অর্থবছরের এডিপিতে সর্বাধিক গুরুত্ব পাওয়া ১০টি খাত
১. পরিবহন
২. অবকাঠামো, পানি ও গণপূর্ত
৩. বিদ্যুৎ
৪. স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ
৫. বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি
৬. কৃষি
৭. শিক্ষা ও ধর্ম
৮. পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান
৯. পানিসম্পদ
১০. জনপ্রশাসন।

চলমান সাতটি মেগা প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ
১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: ১৫ হাজার ৬৯১ কোটি টাকা
২. পদ্মা সেতু: ৫ হাজার কোটি টাকা
৩. মেট্রোরেল: ৪ হাজার ৩৭০ কোটি টাকা
৪. পদ্মা সেতুর রেল সংযোগ: ৩ হাজার ৬৮৫ কোটি টাকা
৫. মহেশখালি মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র: ৩ হাজার ৬৭০ কোটি টাকা
৬. দোহাজারী-রামু-কক্সবাজার রেললাইন: ১ হাজার ৫০০ কোটি টাকা।
৭. পায়রা গভীর সমুদ্রবন্দর: ৩৫০ কোটি টাকা

মন্ত্রণালয় সূত্র জানা গেছে, নতুন বাজেটে ঘাটতির (অনুদানসহ) পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা। এটি মোট জিডিপির ৫ দশমিক ৮ শতাংশ। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ। এছাড়া মূল ১০টি খাতে বরাদ্দের অঙ্ক মোট এডিপি’র ৯৩ দশমিক ১৯ শতাংশ।

২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৬৩৩ কোটি টাকা। চলমান ২০১৯-২০ অর্থবছরে একই খাতে সরকারের বরাদ্দ রয়েছে ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা। এটি মোট বাজেটের ১৪ দশমিক ২১ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫৮ শতাংশ।

আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে ৭৬ হাজার কোটি টাকা। করোনার কারণে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আর্থিক সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বাড়িয়ে ৯৭ লাখে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading