স্বয়ংক্রিয় অডিটে ৭২ হাজারের বেশি আয়কর রিটার্ন বাছাই
উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:০০
রাজস্ব আদায়ে গতি বাড়ানো এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ২০২৩-২৪ করবর্ষে দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানিয়েছে, Risk Based Audit Criterion-এর ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ নির্বাচন করা হয়েছে। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে প্রথম পর্যায়ে র্যানডম সিলেকশন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছিল।
নতুন পদ্ধতিতে নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুসরণ করে প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
স্বয়ংক্রিয় ব্যবস্থায় নির্বাচিত টিআইএন নম্বরের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগ একদিকে যেমন কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে এনবিআর।
ইউডি/কেএস

