করোনায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টার মৃত্যু, শোক
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ১৫:১০
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা এবং জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে শোক জানিয়েছেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বাদ জোহর উত্তরার মালেকাবানু মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
জাতীয় পার্টি নেতা বাহাউদ্দিন বাবুল-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বাহাউদ্দিন বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি নেতা বাহাউদ্দিন বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পাটি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন- প্রয়াত বাহাউদ্দিন বাবুল ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর পরিক্ষিত নেতা। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন একনিষ্ঠ ও ত্যাগী নেতাকে হারালো। জাতীয় পার্টি বাহাউদ্দিন বাবুল-এর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

