নতুন বাজেটে পুঁজিবাজারের জন্য ‘সুখবর’!

নতুন বাজেটে পুঁজিবাজারের জন্য ‘সুখবর’!

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ১৭:৫০

নতুন অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে অর্থের প্রবাহ বাড়াতে ‘কালো টাকা সাদা’ করার সুযোগ দেওয়া হয়েছে, বিষয়টি সুখবর হিসেবেই দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রস্তাবে ‘পুঁজিবাজারকে শক্তিশালী করতে’ নতুন ঘোষণা এসেছে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামালের পক্ষ থেকে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি পুঁজিবাজারকে গতিশীল করতে তিন বছরের লক-ইনসহ কতিপয় শর্তে আগামী ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে এবং উক্ত বিনিয়োগের উপর ১০ শতাংশ কর দিলে আয়কর কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না।

এর আগে ২০১১-১২ অর্থবছরের বাজেটেও ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে ‘কালো টাকা’ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় ওই অর্থ দুই বছর পুঁজিবাজার থেকে সরিয়ে নেওয়া যাবে না বলে শর্ত দেওয়া হয়েছিল, এবার সেখানে এই সময়সীমা তিন বছর করার প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারের বাইরেও নির্দিষ্ট হারে কর দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

মুস্তফা কামাল বলেন, দেশের প্রচলিত আইনে যা-ই থাকুক না কেন আগামী ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতাগণ আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের উপর প্রতি বর্গমিটারের উপর নির্দিষ্ট হারে এবং গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের উপর ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন করলে আয়কর কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না।

এভাবে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতির মূল স্রোতে অর্থ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে আয়কর অধ্যাদেশে এই ধারা সংযোজনের প্রস্তাব করছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading