করোনায় বিচারকদের চিকিৎসা দেবে ইউনিভার্সেল মেডিক্যাল

করোনায় বিচারকদের চিকিৎসা দেবে ইউনিভার্সেল মেডিক্যাল

উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৬:৪০

করোনা পরিস্থিতিতে কোভিড-১৯ সহ বিভিন্ন রোগে আক্রান্ত দেশের নিম্ন আদালতের বিচারকদের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএস) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড।

শুক্রবার (১২ জুন) আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সহযোগিতায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের উপস্থিতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব উম্মে কুলসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে বাংলাদেশের নিম্ন আদালতের যেকোনও বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে তারা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র: বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading