মোহাম্মদ নাসিমকে নিয়ে আপত্তিকর পোস্ট: বেরোবি’র শিক্ষিকা গ্রেপ্তার
উত্তরদক্ষিণ। রবিবার ১৪ জুন ২০২০। ১১:৫৮
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ায় অভিযোগে দায়ের করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি তদন্ত রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছে।
মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় ডিজিটাল আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত শিক্ষিকা হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরা।
ওই শিক্ষিকার পোস্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। বিশেষভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।

রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া প্রথম প্রতিবাদ করেন। ওই শিক্ষিকার পোস্ট ফেসবুকে আপলোড হওয়ার ১ মিনিটের মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করেন তিনি।
তুষার কিবরিয়া পোস্ট সারা দেশে ছড়িয়ে পড়লে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা নিন্দা ও প্রতিবাদে ফেতে পড়ে। অভিযুক্ত শিক্ষিকাকে ও বিচারের দাবি জানাতে থাকে।
থানায় এ নিয়ে প্রথম মামলার বাদীও তুষার কিবরিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক থানার একটি সূত্র জানায়, তুষার কিবরিয়াই প্রথম মামলা করতে থানায় আসে। পুলিশ প্রথম তার এজাহারটি হাতে পায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের অনুরোধে পুলিশ বিশ্ববিদ্যালয়ের (পরে দায়ের করা) অভিযোগটি আমলে নেয়।
তুষার কিবরিয়ার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিবাদের কারণেই মূলতঃ বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় হয়।

রংপুরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শনিবার (১৩ জুন) রাতে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি রবিউল ইসলাম বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদের খবর প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত শিক্ষিকা তাকে ব্যঙ্গ করে ফেসবুকে একটি পোস্ট দেন। রবিউল ইসলাম বলেন, ওই পোস্ট সামাজিক মাধ্যমে সমালোচনার সৃষ্টি করে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা একটি মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়।
মামালার বাদী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, সম্মানিত একজন রাজনীতিবিদ এবং মারা যাওয়া একজন মুক্তিযোদ্ধার সম্মানহানি করার চেষ্টা করায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, “ওই শিক্ষিকাকে এরই মধ্যে শোকজ নোটিশ এবং সরকারি চাকরি আইন ২০১৮ মোতাবেক নোটিশ দেয়া হয়েছে।”

বিভাগীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করা প্রসঙ্গে বেরোবি রেজিস্ট্রার মোস্তফা কামাল বলেন, ঘটনাটি উচ্চ পর্যায়ে আলোচনা তৈরি করায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

