মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মারা যাচ্ছে: রিজভী’র মন্তব্য

মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মারা যাচ্ছে: রিজভী’র মন্তব্য

উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১৬:৫০

করোনাভাইরাস মহামারী থেকে সুরক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে ‘শুধু ভিআইপিদের’ জীবনের মূল্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার দলের মন্ত্রী, এমপি, মেয়র, নেতা ও ভিআইপিদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন। তাদের জন্য দ্রুততার সাথে সিএমএইচ, এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, আইসিইউ, ভেন্টিলেটরসহ সব সুবিধা নিশ্চিত করছেন। কিন্তু দেশের সাধারণ মানুষগুলো চিকিৎসা না পেয়ে রাস্তাতেই মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী তাদের কোনো খবর নিচ্ছেন না। গরীব মানুষের জীবন উপেক্ষিত।’

রবিবার (১৪ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন। চিকিৎসা ব্যবস্থায় বৈষম্য ভয়াবহ রূপ ধারণ করেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘ঢাকায় কোনো হাসপাতালেই আইসিইউ বেড খালি নেই। কোনো কোনো বেসরকারি হাসপাতালে করোনার ওয়ার্ড খুললেও আইসিইউ বেড ও চিকিৎসার জন্য গলাকাটা দাম নিচ্ছে। তিন মাসে করোনা উপসর্গ নিয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সিংহভাগ মানুষ হাসপাতালে চিকিৎসা পাননি। বেঁচে থাকাবস্থায় নমুনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারেননি তারা করোনা আক্রান্ত কিনা।’

বিএনপির অন্যতম মুখপাত্র রিজভী আরও বলেন, ‘সরকারের অবহেলার কারণে বাংলাদেশে করোনা শনাক্তকরণও সঠিকভাবে হচ্ছে না। করোনা শনাক্তকরণ পরীক্ষা কিট ত্রুটিপূর্ণ। জাপানে বাংলাদেশ এয়ারলাইন্সের চাটার্ড ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান সরকার। করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট নিয়েও চার বাংলাদেশির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।’ তিনি বলেন, ওই চার বাংলাদেশির হেলথ সার্টিফিকেটে বলা ছিল, তারা করোনায় আক্রান্ত নন এবং ভ্রমণে তাদের নিষেধাজ্ঞা নেই। এভাবে বাংলাদেশর করোনা টেস্ট নিয়ে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের নেতিবাচক বার্তা যায়- তাহলে বাংলাদেশের ভাবমূর্তি চরম ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিএনপির এই নেতা।

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ও গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন ও জিয়ার নামফলক মুছে ফেলা ও মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কৌশিক আহমেদ সোহাগের ওপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে এসব ঘটনায় নিন্দা জানান রিজভী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading