করোনায় আরও ২ পুলিশের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১৩:৪৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য মারা গেছেন। সোমবার (১৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই দুই পুলিশ সদস্য হলেন, ৫৫ বছর বয়সী এসআই এসএম মুকুল এবং ৫১ বছর বয়সী কনস্টেবল মোঃ আবুল হোসেন আজাদ। তারা দুজনেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
এসআই মুকুল ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এ পর্যন্ত পুলিশের ২৬ জন সদস্য করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে শনিবার (১৩ জুন) পুলিশ হেডকোয়াটার্স থেকে জানানো হয়েছিল, শনিবার পর্যন্ত করোনাভাইরাসে পুলিশ বাহিনীর ২৪ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।পুলিশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩১৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরে রোগী ১ হাজার ৯৩৪ জন। তবে পুলিশের সুস্থতার সংখ্যাও বেশি, এ পর্যন্ত ৩ হাজার ৭৬৬ জন সুস্থ হয়েছেন।

