করোনায় আক্রান্ত ওসি আটক আসামি নিয়ে অভিযানে, অতঃপর…
উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ১৩:৪২
করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েও আটক আসামিকে নিয়ে অভিযানে গিয়েছিলেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পর ওসি সামাদকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ওসি সামাদকে প্রত্যহার করে জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী কোভিড -১৯ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে সোনাইমুড়ি থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে ফেনীর পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে।
পুলিশ সুপার আরও বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৯ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ওসি আব্দুস সামাদের নমুনা পাঠানো হয়। পরে ১৫ জুন তার রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। নিয়ম অনুযায়ী, এরপর তার আইসোলেশনে থাকার কথা। কিন্তু সামাদ তা না করে গত ১৭ জুন ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি মীর হোসেন মীরাকে (২০) নিয়ে সোনাইমুড়ি থানা এলাকায় অস্ত্র উদ্ধারে বের হন।
পুলিশ সুপার আলমগীর বলেন, এতে মীরা ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে যান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব হলো মানুষকে নিয়ম কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করা। কিন্তু সামাদ নিজেই নিয়ম ভেঙে কর্তব্যে অবহেলা করেছেন। সেইসঙ্গে পুলিশের ভারমূর্তি ক্ষুন্ন করেছেন।

