থানচির বলীপাড়া বাজারে আগুনে পুড়ল ১৩ দোকান
উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:৪৬
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আজ ভোরে বাজারে দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, “২০২০ সালে এ বাজারের ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকান আগুনে পুড়ে যায়। এ বছরও ১৩টি দোকান পুড়ে গেল। বারবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারছেন না।”
ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, “রাতে কোনো দোকানদারই দোকানে থাকেন না। সবাই বাড়িতে চলে যান। এ কারণে আগুন লাগার পর দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।”
বলীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, “অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
ইউডি/রেজা

